মোঃ নোমান সরকার

আমি ধমকের সাথে বললাম, তুমি ঠিক শুনেছ তো? ভূতের বাড়ি? ভূতের বাড়ি, এটা কি কোন বাড়ির নাম হত পারে! ভূতের গলি আছে ঢাকা শহরে। কিন্তু এই দেশে কেউ বাড়ির নাম রাখবে ভূতের বাড়ি?
শমশের বলল, আরে আমি নিজের দেখে এসেছি, বাড়িটির নাম ভূতের বাড়ি। আর আগে অন্তত ১০/১২ জনকে জিজ্ঞাস করেই তো আমি সেই বাড়ি খুঁজে বের করেছি। কেউ অবাক হয়নি! আর কেন অবাক হবে, এটা তো একটা বাড়ির নাম। বলে শ্মশের হাসতে লাগল। তারপর হাসি থামিয়ে বলল, কিন্তু খুজতে গিয়ে আমি অবাক হয়েছিলাম। আমি পৌছালাম শেষ বিকালে অথচ ভূতের বাড়ির কাছে আসতেই দেখি, রাত নেমে গেছে! কখন রাত নেমে এলো টের পাব না আমি!
বলো কি! তা কি করে হয়। তুমি শেষ বিকালে পৌঁছালে, আর একটু পরেই রাত নেমে এলো! তুমি ঠিক বলছো তো।
সেই রাতের প্রাসাদের মতন উঁচু বাড়িটা যদি আপনি দেখতেন!
ামি বিরক্ত গলায় বললাম, দেখতেন মানে আমরা তো আজ যাচ্ছি, যেতে যেতে বিকাল তো হবেই।
ভূতের বাড়ির কাছে যেতেই রাত নেমে আসবে।
আরে নাহ। আমরা আরো আগেই চলে যেতে পারব। তুমি কি দেখতে কি দেখেছ।
আমি শমশের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালাম। হ্যা, বাড়ির নাম যে যার ইচ্ছে মত দিতে পারে তাই বলে কেউ বাড়ির নাম ভূতের বাড়ি দিতে পারে? যারা এ বাড়িতে থাকে তারাই বা কেমন! দিন দিন মানুষের হচ্ছেটা কি! নাকি শমশের ভুল করছে। নাকি অন্যকিছু। শ্মশের তো আর ঠাট্টা করবে না, এই সাহস তো ওর হবে না যে বসকে বোকা বানাবে।
পরের দিন বিকালের আগেই আমি শমশের সাথে করে গাজীপুরের শেষ সীমানায় অবস্থিত সেই ভূতের বাড়িতে পৌছালাম। আমরা দূর থেকে দেখলাম, পুরোপুরি ফাঁকা একটা জায়গায় বিশাল বাড়ি! বিশাল বাড়ি মানে বিশাল! আশেপাশে কোন লোকলয় নেই। রীতিমত চমকে গেলাম। এতটা উঁচু কেবল রাজারা তাদের দুর্গ নির্মাণ করতেন। বাড়ির গেটের কাছে এসে আমি চমৎকৃত হলাম এর কারুকাজ করা গেট দেখে। সত্যি যেন এ এক রাজবাড়ি!
দরজায় একাধিকবার কড়া নাড়ার পরে কোন সাড়া শব্দ নেই। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে ফিরে যাবার আয়োজন করতেই দরজা খুলে গেল হুট করেই। দেখলাম কেউ নেই দরজার কাছে। এবার মনে হল চলচিত্রে এমন দৃশ্য বহুবার দেখেছি।
আরে কি ঘটল! রাত নেমে এলো চোখের পলকেই! এটা কি করে সম্ভব!
শমশের বলল, আমি তো আগেই বলেছিলাম। আমি ধমক দিলাম। চলো ফিরে যাই। কিন্তু পা যতই বাড়ির বাইরের দিকে নিচ্ছি, ততোই দেখতে পেলাম নিজেকে বাড়ির আরো কাছে চলে যেতে। আরে, হচ্ছেটা কি!
শমশের ভালো ভয় পেয়েছে। সম্ভবত তার সাথে আগে এমন হয়নি বা সে এত কাছে যায়নি বাড়ির।
আমি দেখলাম, আমি আর শমশের ভিতরে প্রবেশ করেই ফেলেছি। কি অবিশ্বাস্য! ভিতরে যেতেই বিশাল দরজাটা হুট করে বন্ধ হয়ে গেল। কেন যেন মনে হল আমরা একটা খাঁচায় ঢুকে পরেছি। সামনে একটা বড় উঠান। তারপরেই একটা দোতালা ভবন, যার সামনেই একটা হাউজ দেখেই মনে হচ্ছে এটি বিল্ডিং এর তিন দিক বা চারদিক ঘিরে আছে। কি কান্ড! এমন বাড়ি হতে পারে?
