মোঃ নোমান সরকার
বাতাসে নৌকাটা উল্টে গিয়েছিল। কিন্তু এমনটা হবার কথা না। কারন জিওন খুব ভালো নৌকা চালায়। সেই ছেলেবেলা থেকে বাবার সাথে সে নৌকায়। মা না থাকায় বাবার সাথেই সে থাকে। বাবা নৌকা চালায়। নৌকাই তাদের সংসার বলা যায়। মাটি আর পানির দুনিয়াটা একবারেরই আলাদা। পানির আলাদা ভাষা আছে। কৃষকের কাছের যেমন মাটির আলাদা ভাষা।
জিওন শিখে নিয়েছিল বাতাসে পানির রূপ কেমন। নদীর প্রতিটা স্রোত বাতাসে রং বদলায়। সব ভাষাই তার মুখস্থ। সেই জিওনের নৌকাটা হঠাৎ বাতাসে উল্টে গেল। পানিতে নৌকা ডুবে যাওয়া ঠেকাতে পারল না সে। হঠৎ করে ঘটে যাওয়ায় ঘটনায় হতভম্ভ হয়ে গেছে সে। কি ঘটেছে বুঝতে চেষ্টা করল।
সে একা ছিল নৌকায়। বাবা আজ হাটে গেছে বলে জিওনের কলেজ যাওয়া হয়নি। বয়স কম হলে কি হবে, তার শরীরে অনেক শক্তি। অনেক শক্তি দিয়ে সে বাবাকে নৌকা চালাতে সাহায্য করে। সে বুঝেতে পারছিল, বাবা আগের মতন নৌকা চালাতে পারে না। তার শরীরের শক্তি কমে গেছে। তাই সে জোরে জোরে বইঠা চালায়। এতে তার হাতের শক্তিও যেন বেড়েছে, বেড়েছে শরীরের শক্তিও। এত অল্প বয়সে তার এত শরীরের শক্তি নিয়ে কলেজের বন্ধুদের মধ্যে প্রায়ই আলোচনা হয়।
বাবা গেছে হাটে। সেই ফাঁকে সে একা নৌকা নিয়ে বের হয়েছিল। বাবা কখনো তাকে একা নৌকা চালাতে দেয়নি। জিওনের খুব শখ একদিন একা, একা একা নৌকা নিয়ে বহুদূর সে যাবে। বাতাসের সাথে খেলা করবে নৌকা নিয়ে। বাতাস তাকে উড়িয়ে নিয়ে যাবে। আর সে ঘুরে বেড়াবে দূর থেকে আরো দূরে। আজ তেমন একটা দিন, প্রচুর বাতাস। তার চুলগুলো বাতাস কেবলই এলোমেলো করে দিচ্ছিল। মাথার উপর চকচকে নীল আকাশ। সামান্য মেঘ উড়ে যাচ্ছে সাঁই সাঁই করে। নদীতে পানিতে চঞ্চলতা বাড়ে কমে। বাবা হাট থেকে ফিরতে অনেক দেরি হবে। এমনকি রাত হতে পারে। বাবা যাবার আগে বলে গিয়েছিল, আজ কলেজ যাবার দরকার নাই। বাসায় মন দিয়া পড়িস। জিওন ঘাড় ঘুরিয়ে সায় দিয়েছিল। মুখে কিছু বলেনি। বাবা যেতেই হঠৎ বহুকালের ইচ্ছাটা মাথা চারা দিয়েছিল। সে চলে এলো নদীর সেই জায়গায়, যেখানে নৌকাটা বাধা ছিল।
জিওন নদীর পানিতে ডুব দিল। দেখার চেষ্টা করল নৌকাটার। তার বুক ধকধক করছে। এই নৌকাটাই তাদের সম্বল। আজ তার জন্য বাবার নৌকাটা ডুবে গেছে। নিজেকে সে ধিক্কার দিতে লাগল পানিতে ডুবে থাকা অবস্থায়। সে ডুবে আর একটু নিচে নেমে দেখতে চাইল ঠিক তখনই মনে হল কেউ তাকে জটিয়ে ধরছে। ক্রমেই পেঁচিয়ে ফেলছে তাকে। জিওন যেন আহাম্মক হয়ে গেছে। এই সব কি ঘটছে! সে প্রান পনে নিজেকে ছুটিয়ে নিতে চাইছে। পারছে না। কেউ পিছন দিকে টেনে নিয়ে চলছে ধীরে ধীরে, সে অনুভব করতে লাগল। ক্রমেই গতি বেড়ে গেল। সে বুঝতে পারছে, সে ডুবে যাচ্ছে দ্রুত।
জিওন চোখ মিলে তাকাল। তখন দেখতে পেল ,সে শুয়ে আছে একটা বিশাল ঘরে। তারপরেই সে বুঝল এটা কোন ঘর না। এটা একটা পাথুরে গুহা। সামান্য আলো আছে। কিন্তু কোন বাতি খুঁজে পেল না সে। চারদিকে আর ভালো করে দেখার চেষ্টা করল। অদ্ভূত জায়গা। তার তখনই মনে পড়ে গেল সব। এটা কি তবে মৃত্যুর পরের জীবন। সে নিজেকে চিমটি কেটে দেখল, ব্যাথা পাচ্ছে।
একটা মানুষ দেখতে পেল সে। গুহার শেষ প্রান্ত থেকে তার দিকে হেঁটে আসছে। এবার বুঝল গুহাটা ছোট না। এটা বিশাল লম্বাটেও। মানুষ আসছে পথ ফুরাচ্ছে না। জিওন উঠে বসার চেষ্টা করল। কিন্তু উঠতে পারল না।
যাকে সে মানুষ ভেবেছিল, সে আসলে মানুষ না। কেবল মানুষের মতন দেখতে। সে আরো লম্বা যেন এক দৈত্য। তবে দূর থেকে তাকে মানুষের মতনই লাগছিল। মুখে অদ্ভুত দাগ। গায়ের রং সামান্য নীল। চোখ অসম্ভব সুন্দর। তাকিয়ে থাকার মতন। চোখই যেন তাকে মায়বী করে তুলেছে। মানুষের মতন পোশাক গায়ে। কি অদ্ভুত! জিওন ভাবল, এটা স্বপ্ন হতেও পারে। সে যে চিমটি কেটে ব্যাথা পেয়েছে সেটিও স্বপ্ন হতে পারে। সে আবার ঘুমিয়ে গেল।
যখন ঘুম ভাঙ্গল, সে বুঝল সে শুয়ে আছে। সে দেখল তার চারপাশে অসংখ্য মানুষ কিন্তু কাউকে স্পষ্ট দেখতে পারছে না। একেবারেই আবছা আলো। মানুষদের নড়াচড়া কেবল টের পাচ্ছে। অসংখ্য মানুষ। কোথাও কোন শব্দ নেই, যেন সে নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পারছে।
জিওন কথা বলার চেষ্টা করল। শুরুতে সে কিছু বলতে পারল না। তার মাথা ঝিমঝিম করছে। সে খুব ক্লান্ত গলায় বলল, আমি কোথায়?
কেউ একজন বলল, তুমি এখন লী-শহরে।
জিওন অবাক হয়ে বলল, লী-শহর!
আবার একই কন্ঠে কেউ একজন বলল, তোমরা যে নদীতে নৌকা চালাও। এটি সেই নদীর তলদেশেরর নিচের একটি শহর।
জিওন বলল, তলদেশ! নদীর তলদেশের নিচে! নিচের শহর!
আমরা এই নদীর নিচে বসবাস করি। আমরা নদীর একদম নিচে, নিচের মাটির অল্প উপরেই বিচরণ করি। আর পানিতে উঠে আসি কেবল অমাবস্যায়। আর খুব বেশি প্রয়োজন হলে। নদীর পানি ঘোলা বলে আমাদের গতিবিধি কেউ টের পায় না। তবে আমরা ঝুঁকি নেই না বলে বিশেষ অনুমতি ছাড়া কেউ দিনের বেলায় পানির উপরে আসতে পারে না।
জিওন ভয় পাচ্ছে। এরা তবে মানুষ না! তবে এত মানুষের মতন এরা কারা? সে আঁতকে উঠে বলল, তোমরা কারা?
আমরা লী।
এরপর আর কোন কথা নেই। সে দেখল কেউ তাকে দ্রুত কোথাও নিয়ে যাচ্ছে। সে আবার ঘুমিয়ে পরল।
যখন আবার ঘুম ভাঙ্গল সে দেখল, একটা পাথরের বিশাল চমৎকার ঘর। সেই ঘরে আলোতে ডুবানো। আর আলোগুলো আসছে সব পাথর থেকে। এত উজ্জ্বল সুন্দর পাথর দেখে সে অভিভূত হল! সে চারদিকে তাকাতেই লাফিয়ে বসে পরল। তার পাশে শুয়ে আছে একটি মেয়ে, ঘুমন্ত। কপালে তার চুল এসে পরেছে। সে প্রচন্ড আনন্দে লাফিয়ে নিচে নামল। সে মানুষ দেখেছে। মানুষ! তার মানে সে বেঁচে আছে।
সে একটা নীল পাথরে শুয়ে থাকা ঘুমন্ত মেয়েটাকে দেখতে লাগল। অনেক আগে একটা গল্প শুনেছিল সোনার কাঠি রুপার কাঠি। সেই গল্পের মতন এই রাজকুমারি ঘুমিয়ে আছে।
জিওন কি করবে বুঝতে পারছে না। সে কি মেয়েটাকে ডেকে উঠাবে। ঠিক তখনই কেউ যেন কথা বলে উঠল। অথচ ঘরে কেউ নেই। সে বলছে, এই মেয়েটির নাম ইরা। আমরা তোমার নামও জানি, তুমি জিওন। জিওন এই মেয়েটাকে কেউ ফেলে দিয়েছিল আমব্যসার রাতে নৌকা থেকে বহুকাল আগে। আমরা তাকে বাঁচিয়েছি। যেমন আমরা তোমাকে বাঁচিয়েছি। তবে ঘটনাটিও আমাদের জন্য বিপদজনক ছিল। কারন দিনে আমরা কখনো পানির উপরে উঠে আসি না। কিন্তু আমরা কোন একটি কারনে তোমাকে বাঁচাতে চেয়েছি। আমরা ইরাকে বাঁচাতে চাই। তার ঘুম ভাঙ্গছে না। সে দীর্ঘকাল ধরে ঘুমিয়ে আছে।
জিওন বলল, আমি? আমি কি করতে পারি?
