মিউ ০২

মোঃ নোমান সরকার

মিউ এক লাফে প্রাচীরের উপরে উঠল। দুষ্ট ছেলেটার কি হল, তা তাকে দেখতেই হবে। তার খুব অস্থির লাগছে। দেখল একজন মানুষ কোলে করে দুষ্ট ছেলেটাকে নিয়ে দৌড়াচ্ছে রাস্তায়। তারপরে একটা রিক্সায় উঠে গেল ছেলেটাকে নিয়ে। রিক্সা চলে যাচ্ছে ধীরে ধীরে দূরে। ছেলেটির জন্য মন খারাপ লাগছে মিউ এর। তার মনে হলো সে হাঁপাচ্ছে। সে বুঝতে পারছে ছেলেটির জন্য তার খুবই খারাপ লাগছে। কিছু একটা হয়েছে তার! বড় কিছু একটা!

আরো কিছু দিন পরের কথা। বিকাল হয়নি এমন একটা সময়। মিউ বারেন্দায় এসে দেখল পাশের বাড়ির ভিতরে ছেলেটি একটা লাঠি ভর দিয়ে হাঁটছে। ছেলেটিকে নিয়ে সে অনেক চিন্তিত ছিল বলেই ছেলেটিকে দেখতে পেয়েই মিউ এতো খুশি হলো যে মনে হলো কোনদিনও সে এত খুশি হয়নি। সে অনেক আনন্দে মিউ মিউ করে উঠল।

সে খুঁটিয়ে খুটিয়ে ছেলেটিকে দেখতেই লাগল। সে দেখল ছেলেটির এক পায়ে সাদা কাপড় দিয়ে ঢাকা। সেই পা কিছুটা উঁচু করা। একটা লাঠি আর এক পায়ে ভর দিয়ে হাঁটছে। তাকে খুব মলিন দেখাচ্ছে। দেখে তার খুবই খারাপ লাগল। সে সব সময় এই ছেলেটিকে দুষ্ট বলেই ভাবত। তাকে দেখলেই ছেলেটা তাড়া দিত বলেই হয়ত তার এমন মনে হত।

হঠাত মিউ এর কিছু একটা মনে হলো। মনে হতেই মিউ দ্রুত নেমে এলো। নেমে এসে সে সেই উঁচু দেওয়ালের উপর উঠল। উঠে সে দেওয়াল ঘেঁসে রাখা বালুর দিকে তাকাল। ছেলেটি দেওয়ালের উপর থেকে কোন কোন জায়গা থেকে লাফিয়ে পড়েছে এতদিন, মনে করার চেষ্টা করল। ছেলেটি যেখানে যেখানে লাফিয়ে পড়ে সেখানে উঁচু করে রাখা বালু। সে সরে এলো। এত বালুর উপর লাফিয়ে পড়লে সে ডুবে যাবে, একদিন ছেলেটিও ডুবে গিয়েছিল এই বালুর ভিতর। অনেক অনেক দিন সে ছেলেটিকে এখান থেকে লাফিয়ে পড়তে দেখছে। সে আরো সরে এলো। সে সরে এসে দাঁড়াল দেওয়ালের সেই অংশে, যেখানে দেওয়ালের নীচে এই জায়গাটায় বালু কম। এতে লাফিয়ে পড়লে ব্যাথাও পাবে না আবার বালুর ভিতর ডুবেও যাবে না।

এবার মিউ চোখ সরিয়ে তাকাল ছেলেটির দিকে। ছেলেটি পায়ে ব্যাথা পেয়েছে। সম্ভবত সে আর কখনোই উঁচু দেওয়ালে উঠতে পারবে না। দৌড়াতে পারবে না। কিন্তু সে তো পারবে। হ্যা, সে পারবে। আর মিউ এর অনেক দিনের ইচ্ছেও ছিল ছেলেটির মতন করে লাফিয়ে পড়ার।

মিউ দেওয়ালের উপরে লাফাতে লাগল আর মিউ মিউ বলে আনন্দ প্রকাশ করতে লাগল। সে ছেলেটির দৃষ্টি আকর্ষণ করতেই এমনটা করল। আর এতেই কাজ হল। হঠাত ছেলেটা দেওয়ালের উপর তার জায়গাটিতে মিউকে দেখতে পেয়ে চোখ বড় করে তাকাল। মিউ দেখল এটাই সব চেয়ে ভালো সময় ছেলেটাকে জানানোর যে, যা তুমি করতে তা দেখে আরেকজন শিখে নিয়েছে। হ্যা শিখে নিয়েছে। আজ তুমি না পারলেও সেই কাজ অন্য একজন করে তোমাকে আনন্দ দিবে। মিউ অসম্ভব খুশি হয়ে গেল। সে আরো জোরে জোরে মিউ মিউ করে উঠল।

মিউ নিচের বালুতে লাফিয়ে পড়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিল। সে দেখল ছেলেটির চোখ আরো বড় হচ্ছে, তার মুখটা খুলে গেছে। অবাক বিস্ময়ে সে তাকিয়ে আছে। আর তাকে দেখে মনে হচ্ছে, সে বুঝতে পেরেছে বিড়ালটা কি করতে যাচ্ছে। এই দেখে মিউ আরো খুশি হয়ে উঠল। সে লাফ দিবার জন্য নিজের দেহটাকে উঁচু করে বালুর জায়গাটা আবার দেখে নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে বলতে চাইল, আমাকে দেখ, আমাকে দেখ!

তার দেহ শূন্যে উঠে গেছে। এখন সে নীচে পড়তে যাচ্ছে। সে দেখল, ছেলেটার চকচকে চোখ। তার মুখের সমস্ত মলিনতা চলে গেছে। সে হাসছে। আর ঠিক তখনই সে দেখল ছেলেটির পিছনে দৌড়ে এসে দাঁড়িয়েছে সেই বৃদ্ধা মহিলা। আর তিনি খুব জোরে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল।

লাফিয়ে পড়তে পড়তে মিউ দেখল, বৃদ্ধা মহিলার চিৎকার শুনে অনেক মানুষ দৌড়ে আসতে লাগল। আর যেন অনেকেই দেখে ফেলেছে বিড়ালে লাফিয়ে পড়াটাও। দৌড়াতে শুরু করল অনেকেই।

বেশ কিছুখন পর মিউ দেখল তাকে কোলে নিচ্ছে মানুষ এক এক করে। কেউ মাথায় আদর করছে, কেউ পায়ে।

কেউ একজন বলল, কিছু দিন আগে এই দেওয়াল থেকে পড়ে একটা ছেলের পা ভেঙেছে। আজ এই বিড়াল পড়ল। এই দেওয়ালের দোষ আছে। দেখ, দেখ বিড়ালের পা ভেঙ্গেছে কিনা?

অনেক মানুষ এক সাথে মিউ এর পা দেখতে লাগল। আর অনেকেই মিউ এর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল।

error: Content is protected !!
Scroll to Top