পচা কথা ০২

মোঃ নোমান সরকার

বনের রাজা বললেন, “এই যে তুমি আমার সামনেই তাদের প্রতিশোধের কথা বললে, এতে এখানে উপস্থিত সবাই আঘাত পেয়েছে বা পাচ্ছে, এটা কি তোমার মনে হচ্ছে না? এমন করে কথা তোমাকে বললে তুমি কি আঘাত পাবে না? তুমি কি কষ্ট পাবে না? সেটা কি তোমার ভালো লাগবে?

সাপ চুপ করে আছে।

রাজা বলল, “তুমি কি মনে কর না, এগুলো পচা কথা?”

সাপ বলল, “আমার রাগ বেশি।”

বনের রাজা বলল, “তোমার পচা কথায় কেউ আঘাত পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এটা যে বড় এক বিষয় তা কি তোমার মনে হচ্ছে না? দেখত তাকিয়ে প্রত্যেকের চেহারার দিকে?”

সাপ কারো দিকে তাকাল না।

বনের রাজা বলল, “কথা দিয়ে বন্ধুত্ব হয়। আবার কথা দিয়েই বন্ধুত্ব নষ্ট হয়। কথা দিয়ে কাউকে হাসানো যায়। আবার কথা দিয়েই কাউকে আঘাত করা যায়। এর মানে কি? এর মানে হল, কথা বলার সময় আমরা কোন কোন শব্দ বেছে নিব তার উপর কথার সৌন্দর্য বাড়ে বা কমে। আর তুমি কথা বলার সময় শক্ত শব্দগুলো বেছে নাও, খারাপ শব্দগুলো বেছে নাও। ফলে তোমার কথায় সবাই মন খারাপ করে, কেউ আঘাত পায়। তুমি কি তোমাকে বদলাতে চাও না?”

সাপ কোন কথা বলল না।

বনের রাজা বলল,”তুমি যদি নিজেকে সবার বন্ধু মনে কর, তবে সবার কাছে ক্ষমা চাও। ভুল হতেই পারে। কি ভুল হতে পারে না?”

সাপ কোন কথা বলল না। তাকাল না।

রাজা বলল, “ভুল তো হতেই পারে। কি পারে না।”

সাপ আবার বলল,” আমার রাগ বেশি।”

রাঘ খানিকটা রেগে বলল,” অন্য কারো কি রাগ নেই? আর ভুল করা থেকে সব শিখা যায়। নিজেকে বদলে নেওয়া যায়। আর প্রমিজ কর, নিজের কথা বলাটাকে ঠিক করে নিবে। মন্দ শব্দগুলো এড়িয়ে যাবে। অযথা বকা দিবে না। পচা কথা বলবে না। দেখবে তখন সবাই তোমার বন্ধু হয়ে যাবে।”

সাপ এবার রাগী গলায় বলল, “আমি কাউকে পচা কথা বলি না, কষ্ট দেই না। হরিণ আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।”

রাজা একই রাগী গলায় বলল, “আমি রাজা। অযথা তোমাকে আমি ডাকিনি। সবার সাথে কথা বলে, সবকিছু জেনে তারপর তোমাকে ডেকেছি।”

বনের রাজা সিংহ একটা হুংকার দিল। সাপ সহ সব প্রানীরা ভয় পেয়ে গেল। সিংহ বলল, “তুমি তো কেবল মন্দ না। তুমি মিথ্যাবাদীও। তোমার বিরুদ্ধে অভিযোগ। আর তুমি উল্টো অন্যদের বিরুদ্ধে অভিযোগ তুলছ! ভয় দেখাচ্ছ, শাসাচ্ছ যে তাদের কামড় দিয়ে কাটবে। আর সেটা বনের রাজার সামনে। তুমি বলছ, তোমার বিরুদ্ধে মিথ্যা বলছে? মিথ্যা অভিযোগ করছে? আমি আমার আগের কথা আবার বলছি বিচারের স্বার্থে, আমি অভিযোগ শুনেই তোমাকে ডেকেছি। আমি বনের প্রায় সবার কাছে তোমার বিষয় খোঁজ নিয়েছি।” বলে রাজা থামলেন।

চারদিকে সবাই চুপ। কোথাও কোন শব্দ নেই। একটা নিরবতা গ্রাস করেছে সবাইকে। সেদিকে তাকিয়ে বনের রাজা নিজেকে সামলে নিয়ে বললেন, “যে মিথ্যা বলে, সে তো যে কোন খারাপ কাজ করতে পারে। অন্যকে কষ্ট দিতে পারে। কষ্ট দিয়ে সে বলতেই পারে, আমি এই কাজ করিনি। এতে ঘটনা খারাপের দিকে যায়। ঝামেলা বাড়ে।  সমাজ নষ্ট হয়। কিন্তু যে সত্যবাদী মিথ্যা এড়িয়ে চলে। সে তার দোষ বা ভুল স্বীকার করে। এতে সহজ হয়ে যায় সবকিছুই।”

সাপ বলল, “রাজা আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি মিথ্যাবাদী নই। আমার রাগটাই কেবল বেশি।”  

রাজা হুংকার দিয়ে বলল, ‘ অভিযোগ সত্য কিনা তা যাচাই করতে বনের  সবার সাথে কথা বলেছি। সবাই একই কথাই বলেছে। রাজ্যের অধিকাংশই তোমার এই গালি দিবার বিষয় আর বিশ্রী ভাবে কথা বলার বিষয়টা আমাকে জানিয়েছেন।তুমি সারাক্ষণ পচা কথা বল। এবার বল মিথ্যা কে বলছে? তুমি নাকি বাকী সবাই? ‘

চারদিকের নিরবতা আরো বাড়ল। সবাই কঠিন শাস্তি আর ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছে।

বনের রাজা সিংহ আরো জোরে তার রায় ঘোষণা করল, “আজ থেকে এই বনের কেউ সাপের সাথে কথা বলবে না। সাপকে সবাই এড়িয়ে চলবে। আর আমার এই ঘোষণা বন থেকে বনে পাখিরা পৌছে দিবে।”

আর সেই থেকে সাপ একাই চলে। কেউ তার সাথে কথা বলে না। তাকে দেখেও না দেখার ভান করে। তবুও সাপ বিশ্রী ভাবে কথা বলা ছাড়তে পারেনি। পচা কথা সে বলেই যায়। সে ফোঁস ফোঁস করে গালি দেয় সবাইকে দূর থেকে।

সে নিজেও বুঝে, যে নিজেকে মন্দ বানায় সে মন্দই থাকে। সে কারো বন্ধু হতে পারে না।

error: Content is protected !!
Scroll to Top