মোঃ নোমান সরকার

আনাস আর ফাতেমার আব্বু বা আম্মু প্রায় প্রতিদিনই ওদের জন্য বই কিনে আনে। গল্পের বই, ছড়া, কার্টুন বই। বড় একটা আলমারিতে সাজিয়ে রাখা বইগুলো দেখতে দেখতে অনেক বই হয়ে গেছে। আব্বু আম্মু বলত, “বই হচ্ছে সবচেয়ে বড় বন্ধু। বই তোমাকে কখনো একা হতে দিবে না।”
যখন ওরা স্কুলেই যায়নি, বই পড়তে শিখেনি তখন থেকে বই নিয়ে আসত ওদের আব্বু আম্মু। কথা ছিল, প্রত্যেক রাতে ঘুমের আগে পাতা উল্টাতে হবে। সকালে যার মাথার কাছে বই পাওয়া যাবে সেদিনই তাকে মজা খাওয়ানো হবে। আর তাই আনাস আর ফাতেমা বই পড়তে তখনো না শিখলে কি হবে ঘুমের আগে বই খুলে পাতা উল্টাতো। পড়তে না শিখলেও ছবিগুলো দেখতেই কেন যেন ওদের ভালো লাগত। কখনো বাবা বা মা এসে সেই বই থেকে গল্প পড়ে শুনাতো। এই ছিল ওদের ছোট্টবেলা থেকে প্রত্যেক রাতে ঘুমাতে যাবার আগের কাজ।
একদিন সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসতেই আনাস দেখলো তাদের ঘরের দরজায় বিশাল এক বাঘ! আনাস ভয়ে ভয়ে ফাতেমাকে ডাকল। ফাতেমা চোখ মেলল না। মিহি গলায় বলল, “ডাকছো কেন? আজ তো ছুটির দিন। আমি আর একটু ঘুমাবো।”
আনাস আঁতকে উঠা গলায় খুবই আস্তে করে বলল, “বাঘ এসেছে!”
ফাতেমা বিরক্ত হলো। “কে এসেছে!”
আনাস ফিসফিস করে বলল, “বাঘ!”
আনাস ভয়ে আর বাঘের দিকে তাকালো না। যদি লাফ দিয়ে বাঘটা তার পাশে এসে বসে!
ফাতেমা চোখ না খুলেই বলল, “গত রাতে বই থেকে আম্মু বাঘের গল্প বলেছিল আমাদের। ঘুম ভেঙ্গে তাই তোমার বাঘের কথা মনে হয়েছে। তাই না? আর তাই তুমি বাঘ দেখছো অথবা তুমি এখনো ঘুমাচ্ছ, স্বপ্ন দেখছ।”
“আপু আমি সত্যি বলছি।”
ফাতেমা খুবই বিরক্ত হলো। “আরে আমাকে ঘুমাতে দাও তো। আর তুমিও আর একটু ঘুমাও। বাঘ চলে যাবে।”
“আরে আমাদের দরজার কাছেই……!”
ফাতেমা তেমনি গলায় বলল, “তুমি আমাকে বিরক্ত না করে আম্মুকে জানোও। আম্মু লাঠি নিয়ে এসে বাঘ তাড়াবে।”
আমি তো আব্বু আম্মুকে ডাকতে পারছি না।
ফাতেমা বিরক্ত হয়ে মাথা উঁচু করল। চোখ মেলে দরজার দিকে তাকলো। তাকিয়েই চমকে উঠল, সত্যি সত্যি একটা রয়েল বেঙ্গল টাইগার দরজার সামনে!
ফাতেমা চিৎকার করে আব্বুকে ডাক দিল। সাথে সাথে বাঘ মানুষের মতন করে কথা বলে উঠল ভয় পাওয়া গলায়। বাঘ বলল,”আরে! আরে! আব্বুকে ডাকছো কেন? আব্বু এলে তো লাঠি দিয়ে আমাকে তাড়া করবে। গতরাতে তোমরা আম্মুর কাছে বাঘের গল্প শুনছিলে। তাই না? আর আমি আমার স্বপ্নে সেটা দেখছিলাম। তোমরা রয়েল বেঙ্গল টাইগার দেখতে চাইছিলে দুইজনই, তাই আমি এসেছি। আমাকে দেখো। আমাকে ভালো করে দেখো। এর মধ্যে আবার আব্বুকে ডাকতে গেলে কেন, বলতো!
ফাতেমার ডাক শুনে পাশের ঘর থেকে আব্বু বলল, “আসছি।”
এটা শুনে বাঘ দ্রুত পালিয়ে গেলো।
আনাস আর ফাতেমা অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো।
